বড়লেখায় মধ্যরাতে সড়কে টায়ার পুড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ

আব্দুর রব : বড়লেখা ও জুড়ী উপজেলার মধ্যবর্তী স্থান কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের ধলছড়ি ব্রিজে শনিবার ২৮ নভেম্বর মধ্যরাতে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। এঘটনায় রাতেই থানা পুলিশ মিছিলকারি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের শনাক্তকরণ ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এব্যাপারে রোববার বিকেলে থানায় মামলা করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কুলাউড়া-বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার দক্ষিণভাগের ধলছড়ি ব্রিজ এলাকায় বড়লেখা উপজেলা ও পৌর ছাত্রলীগের ব্যানার সামনে নিয়ে ১০-১৫ ব্যক্তি সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জাকির ভাই ভয় নাই, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, আমরাই আছি, আমরাই থাকবো’ ইত্যাদি শ্লোগানে বিক্ষোভ মিছিল করছে। ‘আজহারুল হক’ নামের একটি ফেসবুক আইডি থেকে এই বিক্ষোভের ভিডিওটি পোস্ট করা হয়। এছাড়া সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে রোববার ভোরে পোস্ট করেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপি লকডাউন কর্মসূচির সমর্থনে বিয়ানীবাজার-ঢাকা সড়ক অবরোধ। আয়োজনে বড়লেখা উপজেলা ও পৌর ছাত্রলীগ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান, জানান, নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলকারিদের আংশিক শনাক্ত করেছে পুলিশ। অন্যদের শনাক্তের কার্যক্রম চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এব্যাপারে রোববার বিকেলে সন্ত্রাস দমন আইনে থানায় মামলা হয়েছে।



মন্তব্য করুন