কুলাউড়ায় শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

November 29, 2026,

মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করেছে শাহ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার ২৯ নভেম্বর সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ মো: রেদওয়ান খানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সুফিয়ান আহমেদ ও বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি শওকতুল ইসলাম শকু এমপি। এসময় তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কুলাউড়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দেয়া হবে এবং আগামীতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক মো: আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণয় কুমার পাল, অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক প্রফুল্ল চন্দ্র নাথ, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা বেগমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com