কুলাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদ ও গাঁজাসহ গ্রে/প্তা/র ২

November 17, 2026,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার দুটি চা বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদ, ৬০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং ২১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার ১৬ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া থানাধীন লোয়াইউনি ও হিংগাজিয়া চা বাগান এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত কুলাউড়ার লোয়াইউনি চা বাগানের দুর্গামন্ডপ লাইন এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় রিদয় দাস (২৪) নামের এক যুবকের বসতঘরে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের জারে থাকা মোট ১২ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ এবং দুটি প্লাস্টিকের বালতিতে থাকা ৬০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রিদয় দাস ওই এলাকার মৃত রামচন্দ্র দাস ও লছমনিয়া দাসের ছেলে।

এরপর বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত কুলাউড়া থানাধীন হিংগাজিয়া চা বাগানের (ডাকঘর: কাজলধারা) নীচু লাইন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্তু মালাহা (৩৫) নামের এক ব্যক্তির নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগের ভেতর নিউজপ্রিন্ট কাগজে মোড়ানো অবস্থায় ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সন্তু মালাহা মৃত রুপা মালাহার ও ফুলবাসিয়া মালাহার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রথম মামলার বাদী অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার এবং দ্বিতীয় মামলার বাদী উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com