মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অভাবনীয় সাফল্য

November 17, 2026,

স্টাফ রিপোর্টার : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর মৌলভীবাজার জেলা পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। প্রতিযোগিতার ৫টি ইভেন্টে দুটি গ্রুপে অংশগ্রহণ করে মাদ্রাসার মোট ১৩ জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।

এর মধ্যে ৭ জন শিক্ষার্থী প্রথম স্থান এবং ৬ জন শিক্ষার্থী দ্বিতীয় স্থান অধিকার করেছে। ক্ষুদে এই প্রতিযোগীদের এমন সাফল্যে আনন্দিত ও গর্বিত পুরো মাদ্রাসা পরিবার।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা অর্জিত পুরস্কার ও সম্মাননা নিয়ে নিজ প্রতিষ্ঠানে ফিরে আসেন এবং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম হুজুরের হাতে পুরস্কারগুলো তুলে দেন। এ সময় অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক-মণ্ডলীবৃন্দ শিক্ষার্থীদের এই অর্জনে গভীর আনন্দ প্রকাশ করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া করেন।

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জেলার গণ্ডি পেরিয়ে আগামী বিভাগীয় পর্যায়েও এই শিক্ষার্থীরা সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক ও অভিভাবকরা। মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

মহান আল্লাহ তাদের মেধা, প্রতিভা ও আমলকে কবুল করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com