নজরুল বর্ষ উপলক্ষে মৌলভীবাজারে নজরুল একাডেমির উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

November 15, 2026,

স্টাফ রিপোর্টার : নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সাম্য, প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

১৪ নভেম্বর শনিবার রাতে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক, নজরুল একাডেমির সাবেক নির্বাহী পরিচালক  ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন।

নজরুল একাডেমি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্য অনুরাগি সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমান, নজরুল একাডেমির সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুল আউয়াল তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নজরুল একাডেমি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক শাহ আব্দুল অদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক।

কবি নজরুলে কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় নজরুল একাডেমি মৌলভীবাজারের প্রতিষ্ঠাকালিন সভাপতি সাবেক অতিরিক্ত সচিব প্রয়াত আব্দুল কাদির মাহমুদ ও  নৃত্য গুরু বজলুর রহমান বাদল স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার ফাঁকে নজরুলের কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী, লেখক ও সাহিত্য সংগঠক ব্যাংকার বিশ্বজিৎ দত্ত (বিজিত)। আবৃত্তি শিল্পী, কবি ও গীতিকার বদরুল আমিন চৌধুরী সুফি। নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ছড়াকার, জয়গুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ ও নজরুল একাডেমি মৌলভীবাজারের কার্যনির্বাহী কমিটির গবেষণা ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ রুপিয়ান। ছড়াকার, সাংবাদিক ও নজরুল একাডেমি মৌলভীবাজারের সদস্য আব্দাল মাহবুব কোরেশী। আলোচনাসভা, নজরুল একাডেমির মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আপ্যায়ন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের গান পরিবেশন করেন সিলেট বেতারের নিয়মিত শিল্পী, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষক অপরাজিতা রায় কেয়া। আলোচনা সভায় বক্তারা কবি নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে তথ্যভিত্তিক নানা বক্তব্য তোলে ধরে বলেন যে নজরুল শোষন, নিপিড়ন, নির্যাতনের বিরুদ্ধে লড়েছেন ও অধিকার আদায়ের সংগ্রামে করেছেন। মানুষকে গোলামির জিঞ্জির থেকে আজাদীর চেতনা জাগ্রত করেছেন অথচ সেই আমল থেকে আজও কবি নজরুল ও তার লেখনি অবহেলিত হচ্ছে। অথচ বাংলা সাহিত্যের প্রতিটি শাখা প্রশাখা তার লেখনির মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে অনার্স-মাস্টার্সসহ প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে অদৃশ্য কারণে তার লেখনি স্থান দেওয়া হয়নি। তিনি জাতীয় কবি হলেও পাঠ্যপুস্তকে তার সরব উপস্থিতি ওই ভাবে নেই বললেও চলে। নজরুল বর্ষ ঘোষনা দেওয়ায় সরকার ধন্যবাদসহ জোর দাবি জানিয়ে বক্তারা বলেন নজরুলের সাহিত্যকর্ম ব্যাপক প্রচার ও প্রসারে তার লেখনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com