এম নাসের রহমানের দিকনির্দেশনায় রাজনগরে ৮ মাসে ৬৪টি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সার্বিক দিকনির্দেশনা ও বিশেষ তত্ত্বাবধানে গত ৮ মাসে রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৪টি গ্রামীণ অবকাঠামো সংস্কার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক প্রকল্প শতভাগ বাস্তবায়িত হয়েছে। তাঁর প্রত্যক্ষ উদ্যোগ ও তদারকিতে উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগ ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের কাজের বিনিময়ে টাকা (কাবিটা), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গৃহীত এসব প্রকল্পের বিস্তারিত হিসাব জনসম্মুখে প্রকাশ করা হয়েছে।
একনজরে এম নাসের রহমানের তত্ত্বাবধানে বাস্তবায়িত উন্নয়ন চিত্র: মোট প্রকল্প সংখ্যা: ৬৪টি (গ্রামীণ রাস্তা মাটি ভরাট, ইট সলিং, সিসি ঢালাই, কালভার্ট নির্মাণ, গাইড ওয়াল এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ উন্নয়ন)। মোট নগদ অর্থ বরাদ্দ (কাবিটা ও টিআর): ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। মোট খাদ্যশস্য বরাদ্দ (কাবিখা): ৪২ মেট্রিক টন চাল এবং ৮ মেট্রিক টন গম। বাস্তবায়ন অগ্রগতি: শতভাগ (১০০%)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এম নাসের রহমানের স্বচ্ছতা নীতির অংশ হিসেবে বরাদ্দের পরিমাণসহ প্রতিটি প্রকল্প সভাপতির নাম ও মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি কাজের মান যাচাই ও তদারকি করতে পারেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং অন্যান্য সরকারি দপ্তরের অধীনে চলমান ও বাস্তবায়িত উন্নয়নমূলক কাজের তালিকাও পর্যায়ক্রমে জনসম্মুখে উপস্থাপন করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধির এমন সরাসরি তদারকি এবং কাজের হিসাব জনসম্মুখে প্রকাশ করার উদ্যোগ রাজনগরের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে।



মন্তব্য করুন