নজরুলের কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে প্রথম মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষার্থী জাফর

November 14, 2026,

স্টাফ রিপোর্টার : ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে নজরুলের কবিতা আবৃত্তি বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ফাজিল (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফেজ জাফর হোসেন খান।

বৃহস্পতিবার ১২ নভেম্বর সিলেটের সোবহানীঘাটে অবস্থিত হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীরা অংশ নেন। পাঁচটি ক্যাটাগরির প্রতিযোগিতায় নজরুলের কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সন্তান জাফর হোসেন খান একজন ক্বারী ও নাশিদশিল্পী। ১৬ নভেম্বর ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবেন।

তাঁর এ সাফল্যে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়েও তাঁর সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com