একজন শিক্ষক যে বীজ রোপন করে যান তার ফল কখনো শেষ হয়না-ইউএনও রাজিব হোসেন

November 14, 2026,

স্টাফ রিপোর্টার : একজন শিক্ষক একজন ছাত্রকে শিক্ষার মাধ্যমে যে বীজ রোপণ করে যান, তার ফল কখনো শেষ হয় না। পিআরএল (অবসরোত্তর ছুটি) মানেই দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয়, বরং দায়িত্ব আরও বেড়ে যাওয়া। যিনি পিআরএলে গেলেন, তিনি রাষ্ট্রীয় সম্পদে পরিণত হলেন। এখন তাঁদের দায়িত্ব আমাদের সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া। আল্লাহ যেন তাঁদের মতো আমাদেরও এমন সম্মানজনক অনুষ্ঠানের মাধ্যমে কর্মজীবনের সমাপ্তি ঘটানোর তৌফিক দেন।

১২ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাইনা সুলতানার আনুষ্ঠানিক বিদায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন এসব কথা বলেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে ছাইনা সুলতানা এই বিদ্যালয়ে নিষ্ঠার সাথে পাঠদান করে অগণিত শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। ২ এপ্রিল ২০২৬ থেকে তাঁর পিআরএল শুরু হয়। প্রিয় শিক্ষক ও সহকর্মীকে আনুষ্ঠানিক বিদায় জানাতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি রহিমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম, নোটারি পাবলিক ও মৌলভীবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, মৌলভীবাজার সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক ও মহিউদ্দিন ভূইয়া এবং ইউডিপি নাজমুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, এসএমসি সহ-সভাপতি রাসেল আহমদ সাগরসহ এসএমসি ও পিটিএ কমিটির সদস্যবৃন্দ। এ ছাড়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামলী দাশ ও যুথিকা দত্তের উপস্থিতি পুরো বিদায় অনুষ্ঠানটিকে আরও আবেগঘন ও প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com