নাবালিকা অপ/হরণ মা/মলার প্রধান আ/সামি এমাদকে সিলেট থেকে গ্রে/ফ/তার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি এমাদ মিয়াকে (২৬) গ্রেফতার করেছে এসআরবি-৯। বুধবার ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমহনী রোড এলাকার ‘আমার বাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত এমাদ মিয়া জুড়ী উপজেলার হাফিজিয়া গ্রামের আফতাব মিয়ার ছেলে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মৌলভীবাজার সদর থানার পাহাড় বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা। প্রতিবেশী ও দূরসম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে এমাদ মিয়া প্রায়ই ভুক্তভোগীর বাড়ির পাশে যাতায়াত করত এবং ওই কিশোরীকে উত্ত্যক্তসহ অনৈতিক প্রস্তাব দিত। বিষয়টি এমাদ মিয়ার পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
গত ২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ওই কিশোরী ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিকেল ৪টা পর্যন্ত সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ওই দিন রাত ৮টার দিকে এমাদ মিয়া ভুক্তভোগীর পরিবারের মোবাইলে কল দিয়ে কোনো কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে পরিবারের সন্দেহ হয় যে, দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে সদর থানার বর্ষিজোড়াস্থ মাতারকাপন এলাকার রাস্তা থেকে এমাদ মিয়া ও তার সহযোগীরা কিশোরীটিকে অপহরণ করেছে। পরবর্তীতে মৌলভীবাজার সদর থানা পুলিশের সহায়তায় জুড়ী উপজেলার হাফিজিয়া এলাকায় এমাদের মামা জমির মিয়ার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৪) দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের ধরতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি এমাদ মিয়াকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন