মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নেয় ১ হাজার ২৫৯ শিক্ষার্থী

November 15, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা-২০২৬ শনিবার ১৪ নভেম্বর একযোগে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে জেলার শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের মোট ১ হাজার ২৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

১৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শেষ হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জেলা কমিটি সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৩৫ জন, রাজনগর উপজেলার খলাগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৫ জন, মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫১ জন এবং শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

পরীক্ষা চলাকালে জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, জেলা শাখার প্রধান উপদেষ্টা  সাংবাদিক ইসমাইল মাহমুদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, সেক্রেটারি বিকাশ দাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া রাজনগর খলাগাও করিমপুর উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক, রাজনগর কেন্দ্র পরিদর্শন৷ করেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলী হোসেন এবং মৌলভীবজার বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষাকেন্দ্র সচিব ও রাজনগর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোস্তফা বকসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মৌলভীবাজার শহরের কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব রায়হান আলী, ও মৌলভীবাজার ইসলামিক স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় সম্পন্ন হয়েছে। তিন ঘণ্টাব্যাপী এই বৃত্তি পরীক্ষায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরের শিক্ষকরা তৎপর ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সংগঠনের জেলা সভাপতি মো. এহসানুল হক বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী ও আগ্রহী করে তুলতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতি বছরই এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে থাকে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের হাতে সনদ বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com