শ্রীমঙ্গলে চোলাইমদ ও অটোরিকশাসহ গ্রে/ফ/তা/র ১

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত অটোরিকশায় পরিবহনকালে বিপুল পরিমাণ এ্যালকোহলযুক্ত চোলাইমদসহ রঞ্জন রবিদাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার ১১ নভেম্বর বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬টি জারে ১২০ লিটার এবং অপর একটি জারে ৫ লিটার—সর্বমোট ১২৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও এর চাবি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রঞ্জন রবিদাস শ্রীমঙ্গল থানার ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাশা আবাসিক এলাকা দাসিয়া রবিদাসের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উপপরিচালক মো: রাশেদুজ্জামান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে তাঁদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন