শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর রাতে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এ মামলা দায়ের করেন।
মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ জন আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনের সড়কে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করে এবং ধারালো চাপাতি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আত্মরক্ষায় ঘটনাস্থল থেকে হাসিব দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্নস্থানে ছাত্রশক্তির নেতাকর্মীরা এই গুপ্ত হামলার নিন্দা ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে প্রতিবাদ মিছিল করেন।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারে একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামী করা হয়েছে। এই মামলার প্রধান আসামিসহ অন্যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। ওই ভিডিওতে দেখা যায় হাসিব ও তার ‘স্ত্রী’ অটোরিকশায় যাচ্ছেন। পথে হাসিবকে বহনকারী অটোরিকশাটি আটকে তার কুশলাদি জিজ্ঞেস করে কাছে এসে একপর্যায়ে চওড়া হয়ে গালিগালাজ করে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আত্মরক্ষায় দৌঁড়ে পালিয়ে যান হাসিব।
মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে মামলা রেকর্ড করা হয়। এসময় প্রীতম দাশের সাথে ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার ও জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার আহবায়ক রাজ মোস্তাকিমসহ নেতাকর্মীরা।



মন্তব্য করুন