ইসলাম কায়েমের নামে চক্রান্ত করে ইসলাম প্রচার সম্ভব নয়: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

জুড়ী প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, বর্তমান সমাজে ইসলামকে কলুষিত করার চেষ্টা চলছে। ইসলামকে ব্যবহার করে একটি শ্রেণি নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড, সম্পদ লুটপাটসহ বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে তারা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। চক্রান্ত ও অপকর্মের মাধ্যমে ইসলাম প্রচার সম্ভব নয়; বরং আদর্শ ও নৈতিকতার মাধ্যমে ইসলাম প্রচার করতে হবে।
তিনি বলেন, নবীজি (সা.)-এর সময় থেকেই মুনাফেকরা মানুষের ঈমান নিয়ে খেলেছে। তাদের বাহ্যিক ইবাদত মুসলমানদের মতো হলেও অন্তর ছিল কলুষিত। নবীজি (সা.)-এর সুসংবাদ শুনে এক শ্রেণির মানুষ নাক সিটকাত। যুদ্ধের ময়দানে নবীজিকে বিপদের মুখে রেখে যারা পারিবারিক সমস্যার অজুহাতে চলে যেত, তারা মুসলমানের নামধারী মুনাফেক ছিল।
তিনি আরও বলেন, আজ মুসলমান নামধারী কিছু মানুষ কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, যা জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ইসলাম প্রতিষ্ঠার নামে যারা নানা ফন্দি-ফিকির করছে, তাদের আদর্শ নবীজি (সা.)-এর আদর্শ নয়। ৫ আগস্টের পর এদেশে হক ও বাতিলের পরিচয় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। মসজিদ ও মাদরাসা দখলের ঘটনাও ঘটছে। চোরদের নিয়ে ইসলাম কায়েম সম্ভব নয়। মুনাফেকদের আক্রমণ থেকে মুসলমানদের রক্ষা করতে হবে। শুধু ইসলাম ইসলাম বললেই ইসলাম প্রতিষ্ঠা হয় না। মুনাফেক ও খারেজিরাও ইসলামের কথা বলত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালামীযে ইসলামিয়ার কর্মীদের উদ্দেশে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, পৃথিবীতে ছয় হাজারের বেশি ধর্ম রয়েছে। এর মধ্যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। তবে মুসলিম উম্মাহর মধ্যে নানা দল ও মতের বিভক্তি এবং ফেতনা রয়েছে। এসব ফেতনা থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, আমরা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর উত্তরসূরি। আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কখনো বাতিলের সঙ্গে আপস করেনি। নীতি থেকে চুল পরিমাণও সরে আসেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে তালামীযে ইসলামিয়ার বিকল্প নেই।
তিনি কর্মীদের আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজেদের পরিশুদ্ধ করতে হবে। তেলাওয়াত ও নামাজ শুদ্ধ করতে হবে, মা-বাবার সেবা করতে হবে এবং তাঁদের দোয়া নিতে হবে। তালামীযের কর্মীদের নিয়ম-শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, তালামীয কোনো সাইনবোর্ডসর্বস্ব সংগঠন নয়। এ সংগঠন দেশের ছাত্রসমাজকে আদব-আখলাকসম্পন্ন করে দেশের সম্পদে পরিণত করছে। তালামীযের কর্মীরা জ্ঞান অর্জনের মাধ্যমে দেশে-বিদেশে অবদান রেখে চলেছেন। সত্যের পক্ষে তারা অতীতের মতোই অবিচল রয়েছেন। ভবিষ্যতেও যাতে কোনো বাতিল শক্তি ছাত্রসমাজকে পথভ্রষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা এম এ শহীদের সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম জামালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা আজমল আলী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি বেলাল আহমদ, মৌলভীবাজার জেলা অর্থ সম্পাদক নাজিম উদ্দিন এবং কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা এবং সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম। এছাড়া মৌলভীবাজার জেলা, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।



মন্তব্য করুন