জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার : দায়িত্ব পালন শেষে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। নারী পুলিশ সদস্য সপ্না রানী দাস ও তার স্বামী সুমন দাস জুড়ী থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় তারা ভাড়া থাকেন।
মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন নারী পুলিশ সদস্য সপ্না। পথে নির্জন স্থানে অজ্ঞাত দুই তরুণ তাকে অপহরণের চেষ্টা চালান।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে ডিউটি শেষে হেঁটে একা বাসায় যাচ্ছিলেন। তখন গায়ে পুলিশের ইউনিফর্ম ছিলনা। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরে নেওয়ার চেষ্টা করে। তখন পাশে একটি মোটরসাইকেলে অপর এক তরুণ বসা ছিলেন। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।
তবে দুর্বৃত্তরা তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। স্থানীয়রা চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় ওই নারী পুলিশ সদস্যকে তারা চিনতে পারেন। পরে থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে পূরো ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে জানেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, থানায় বেশ কয়েকজন নারী কনস্টেবল কর্মরত রয়েছেন। তারা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘সেনসিটিভিটি ডিউটি’ পালন করে থাকেন। ডিউটি শেষে তারা থানা প্রাঙ্গণেই ইউনিফর্ম পরিবর্তন করে সাধারণ পোশাকে থানার কাছাকাছি নিজেদের বাসায় যাতায়াত করেন।
মঙ্গলবার রাতে ডিউটি শেষে রাত ৮টা ১০ মিনিটে ওই নারী কনস্টেবল থানা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। থানার পার্শ্ববর্তী একটি সরু রাস্তায় প্রবেশ করার পরপরই একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্ত পেছন থেকে তাঁর ওপর চড়াও হয় এবং আক্রমণ চালায়। তবে অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের পুলিশ সদস্য তাৎক্ষণিকভাবে প্রতিহত ও পাল্টা আক্রমণ করলে হামলাকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন।
তিনি আরও জানান, এ বিষয়ে মামলা হয়নি। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীকে শনাক্ত করার জোরালো চেষ্টা চলছে। অপরাধীকে ধরতে গতকাল থেকেই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি কি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে ঘটেছে জানতে চাইলে ওসি জানান, এর পেছনে অন্য কোনো বড় বা ভিন্ন উদ্দেশ্য রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। যে স্থানটিতে ঘটনাটি ঘটেছে সেটি একটি জনবহুল এলাকা (পাবলিক প্লেস)। আশপাশে সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। তবে ওই নির্দিষ্ট স্থানটি কিছুটা নির্জন হওয়ায় মোটরসাইকেল আরোহী সুযোগ বুঝে অতর্কিত আক্রমণ চালায়, যা ওই নারী কনস্টেবল বীরত্বের সাথে প্রতিহত করেন।



মন্তব্য করুন