জুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ নভেম্বর জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, জুড়ী, মৌলভীবাজারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহাসিক দিনগুলোর তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বীর মুক্তিযোদ্ধা ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হারুনূর রশিদ এবং মহিলা প্রশিক্ষিকা শীতা রানী দত্ত।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সুকুমার চন্দ্র শীল, মোহাম্মদ হাসান আলী খান, তারা মিয়া, ললিত মোহন সূত্রধর, চিত্ত আচার্য, আব্দুল জলিল ও আব্দুল হামিদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।



মন্তব্য করুন