মৌলভীবাজারের উন্নয়নে মনু নদ রক্ষা, সরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার দাবি- যুক্তরাষ্ট্র প্রবাসী সালেহ চৌধুরী

November 15, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নবঞ্চনা দূর করতে এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন জালালাবাদ এসোসিয়েশন, যুক্তরাষ্ট্র ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্র-এর সাবেক সভাপতি সালেহ চৌধুরী।

১৫ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকারের কাছে দাবিগুলো তুলে ধরেন। দীর্ঘ দিন থেকে মৌলভীবাজার জেলা কাঙ্ক্ষিত অগ্রগতি লাভ করেনি। প্রায় ২৫ লাখ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে জেলার উন্নয়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

উত্থাপিত প্রধান দাবিগুলো হলো :

মনু নদীর তীর দখলমুক্ত করে ওয়াকওয়ে ও বিনোদনকেন্দ্র নির্মাণ :

মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত মনু নদী শহরবাসীর প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অন্যতম অংশ। নদীর তীর অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের কারণে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিকল্পিত ওয়াকওয়ে, সবুজায়ন ও বিনোদনকেন্দ্র নির্মাণের দাবি জানানো হয়, যাতে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের পরিবার নিয়ে হাঁটার ও অবসাদ কাটানোর সুযোগ সৃষ্টি হয়।

সরকারি মহিলা কলেজে মাস্টার্স কোর্স এবং সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা :

মৌলভীবাজারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে জেলা সদরের সরকারি মহিলা কলেজে মাস্টার্স কোর্স চালুর দাবি জানানো হয়, যাতে জেলার মেয়েরা নিজ জেলায় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। পাশাপাশি জেলা সদরে ১০০ আসনবিশিষ্ট একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়, যা শিক্ষার্থীদের কারিগরি ও উচ্চশিক্ষায় আরও এগিয়ে নিয়ে যাবে।

পৌরসভার সম্প্রসারণ ও মনু নদীতে নতুন সেতু নির্মাণ :

শহরের জনসংখ্যা ও আবাসিক এলাকা বৃদ্ধির ফলে পৌরসভার ওপর চাপ বাড়ছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পিতভাবে মৌলভীবাজার পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং শহরের যানজট কমাতে মনু নদীর ওপর আরও একটি নতুন সেতু নির্মাণের জোর দাবি জানানো হয়।

সরকারের প্রতি আহ্বান করে তিনি আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা, আধুনিক চিকিৎসা, উচ্চশিক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলা কোনো বিলাসিতা নয়, বরং মৌলভীবাজারবাসীর মৌলিক প্রয়োজন ও ন্যায্য অধিকার। বর্তমান সরকার মৌলভীবাজারের উন্নয়নবঞ্চনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া দলমত নির্বিশেষে জেলার স্বার্থে মৌলভীবাজারের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com