কুলাউড়া সীমান্তে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে ৪৬ বিজিবি

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলায় ভারতীয় অবৈধ সিগারেট জব্দের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে একদল সংঘবদ্ধ চোরাকারবারি। এ সময় আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে বিজিবি ১ রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। শুক্রবার ৭ নভেম্বর রাতে দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে কুলাউড়ার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে ‘সাইমের ঘাট’ নামক স্থানে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১,৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
অভিযান চলাকালে আনুমানিক ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অতর্কিতভাবে বিজিবি টহল দলের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। এ সময় টহল দলের সদস্যদের জীবন ও সরকারি মালপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়ে ১ রাউন্ড সতর্কতামূলক ফায়ার করেন বিজিবি সদস্যরা। গুলিবর্ষণের পর হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশি ও অভিযান অব্যাহত রেখে ঘটনাস্থল থেকে ওই অবৈধ সিগারেটগুলো সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।



মন্তব্য করুন