মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
৮ নভেম্বর রোববার সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনের শুরুতে ডিআইজি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা ও প্যারেডের ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে ডিআইজি পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি-স্টোর, জিম সেন্টারসহ বিভিন্ন দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।



মন্তব্য করুন