মৌলভীবাজারে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, জিকির ও বয়ানে মুখরিত ময়দান

November 6, 2026,

স্টাফ রিপোর্টার : জিকির-আসকার, দ্বীনি আলোচনা ও আমলভিত্তিক বয়ানের মধ্য দিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। তাবলীগ জামাত মৌলভীবাজার জেলা মারকাজের উদ্যোগে গুমড়া এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন ময়দানে বিশাল ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমার প্রথম দিন শুক্রবার ৬ নভেম্বর সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন উপজেলাসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি কাফেলা বেঁধে ময়দানে সমবেত হন। ইজতেমা ময়দানে আগত পুণ্যার্থীরা দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমদের গুরুত্বপূর্ণ দাওয়াতি বয়ান শুনছেন এবং জিকিরে বিভোর রয়েছেন। শুক্রবার ইজতেমা ময়দানে জুমার বিশাল জামাতে অংশ নেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।
আয়োজকরা জানান, প্রায় ১০০ বছর আগে ভারতের দিল্লির নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ থেকে হযরত মাওলানা ইলিয়াছ (রহ.) মহানবী (সা.) ও সাহাবিদের (রা.) আদর্শ অনুসরণে যে দাওয়াতি কাজ শুরু করেছিলেন—তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী মানুষের মধ্যে দ্বীনি মূল্যবোধ গড়ে তুলতে এই ইজতেমার আয়োজন।
মৌলভীবাজার জেলা তাবলীগের আমীর মো: আব্দুল হাই ও স্থানীয় সাথীরা ইজতেমা সফল করতে সর্বস্তরের মুসলমানদের সহযোগিতা কামনা করেছেন। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যময় অংশগ্রহণ, যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী রবিবার শেষ দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com