মৌলভীবাজার সরকারি হাসপাতালের কর্মচারীর বাসা চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লোট

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার ‘তরফদার ভিলা’ নামের একটি বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মচারী অসোখ নন্দির বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে নগদ ১লক্ষ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই বাসায় বসবাসকারীরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে চোরচক্র বাসাটির তালা বা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতরে থাকা আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছে, চুরির সাথে জড়িতদের শনাক্ত করতে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম করা হবে।



মন্তব্য করুন