মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর একঝাঁক বেলুন ও ব্যানার ভারতের আসামে পৌছায়

November 1, 2026,

স্টাফ রিপোর্টার : পার্শবর্তী দেশ ভারতের আসাম রাজ্যের একটি মাঠে পাওয়া গেছে বাংলাদেশের রাজনৈতিক দল যুবদলের প্রচারসংবলিত একঝাঁক বেলুন ও ব্যানার। আসামের লখিমপুর জেলার নারায়ণপুর থানার অন্তর্গত লেটেকুজান গ্রামের একটি ধানখেতে পাওয়া প্রচারসামগ্রী ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ভারতের স্থানীয় সূত্র জানায়, ৩০ অক্টোবর সকালে মাঠে গরু চরাতে গিয়ে এক বালক প্রথম এই বেলুন ও ব্যানার দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে বেলুন ও এর সঙ্গে লাগানো ব্যানারটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। এরপরই বিষয়টি জানাজানি হয় ওই গ্রামে।

বেলুনের সঙ্গে লাগানো ফ্লেক্স ব্যানারে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যুবসংগঠন মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা লেখা ছিল। ব্যানারে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিল।

বাংলাদেশে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে এ ধরনের বেলুন ও ব্যানার ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ওই উদ্যাপনের কোনো বেলুন সীমান্ত পেরিয়ে আসামের আকাশে ভেসে এসে শেষ পর্যন্ত লখিমপুরের ধানখেতে এসে পড়ে।

ঘটনার খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল গ্রামে পৌঁছে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়। বেলুনগুলো কোথা থেকে ওড়ানো হয়েছিল এবং কীভাবে সেগুলো লখিমপুরে এসে পৌঁছাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারসামগ্রী কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতের আসামে পৌঁছাল, তা নিয়ে এখন কৌতূহল তৈরি হয়েছে। বেলুনগুলোর উৎস ও সেগুলোর আসাম পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজছে আসাম পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com