শ্রীমঙ্গলে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা খেলা ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে উন্মুক্ত প্রাইজমানি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিলেট জেবি স্কোয়াডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবীগঞ্জ উপজেলা টিম।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট জেবি স্কোয়াড নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে। জবাবে ২৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নবীগঞ্জ উপজেলা দল ১৫ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
নবীগঞ্জের জয়ের নায়ক ছিলেন সাজিদ। মাত্র ২৪ বলে অপরাজিত ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচ সেরা হন সাজিদ।
টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন নবীগঞ্জের জুনায়েদ খান। একই দলের জামিল নির্বাচিত হয়েছেন সেরা ব্যাটসম্যান। আর ১২টি উইকেট শিকার করে সেরা বোলারের পুরস্কার জিতেছেন সিলেট জেবি স্কোয়াডের রাহি। ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন রুয়েল খান ও মীর মিল্লাদ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হোসেন লুপ্পা ও সদস্য মীর কালাম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।



মন্তব্য করুন