শিক্ষকদের কণ্ঠরোধের অপচেষ্টার প্রতিবাদ, শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গল প্রতিনিধি : এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে হয়রানি বন্ধ এবং তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ এবং তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবি তোলেন শিক্ষকরা।
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন আছিদ উল্লা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মো. আখতার হোসেন।
সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও র্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
এ ছাড়া বক্তব্য দেন মনাইউল্ল্যা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সামসুদ্দিন ইলিয়াস, বিটিআরআই উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসমত আলী, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও ভৈরবগঞ্জ উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ক্বারি মোহাম্মদ আব্দুল মুতালিব, দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং সাতগাঁও উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাখাওয়াত হোসেন।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিদাওয়া আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে যাঁরা কথা বলছেন, তাঁদের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে হয়রানি বন্ধ, তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি দ্রুত মেনে নিতে হবে। অন্যথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
তাঁরা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। দাবি আদায়ে প্রয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।



মন্তব্য করুন