চার দিনের সফরে মৌলভীবাজার আসছেন নাসের রহমান; সদর ও রাজনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চার দিনের সফরে মৌলভীবাজার আসছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সফরে সদর ও রাজনগর উপজেলার সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে তিন দফায় মতবিনিময় করবেন তিনি। এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন।
বাংলাদেশ জাতীয় সংসদ থেকে ২ নভেম্বর প্রকাশিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে। সূচি অনুযায়ী, ৪ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার সব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন নাসের রহমান। পরদিন ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একই উপজেলার ইউনিয়নগুলোর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দুটি সভার স্থান সদর উপজেলা পরিষদ।
৬ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজনগর উপজেলার সব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সভাটি হবে রাজনগর উপজেলা পরিষদে।
সফরের শেষ দিন ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন সংসদ সদস্য। ওই দিন বিকেল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে তাঁর যাত্রার কথা রয়েছে।
নাসের রহমান ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রকাশিত সফরসূচিতে স্বাক্ষর করেছেন সংসদ সদস্যের একান্ত সহকারী সাহাজান সিরাজ।



মন্তব্য করুন