কুমারশাইল চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন শ্রমিকরা

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল চা বাগানে ৪ দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
২ নভেম্বর সোমবার বিকালে বাগান পঞ্চায়েত সভাপতি ধনঞ্জয় বাগতী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন, বাগান ম্যানেজার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে সমঝোতার ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, বাগানে দীর্ঘদিন ধরে ডাক্তার নেই, নার্স ও মিডওয়াইফ নেই। ঘরবাড়ি জরাজীর্ণ, রেশন অনিয়মিত। এমনকি চিকিৎসার অভাবে গত কয়েকদিনে ৪টি পরিবারে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া সরকার নির্ধারিত মজুরি ও বকেয়া হাজিরা নিয়েও ক্ষোভ ছিল।
পঞ্চায়েত সভাপতি ধনঞ্জয় বাগতী বলেন, আমরা দুর্গাপূজার সময়ও অনুরোধ করে কাজ চালিয়ে গেছি। বর্তমান ম্যানেজমেন্ট সাহেবকে বারবার বলেছি। আমাদের একটাই দাবি-একটা ডাক্তার চাই, একটা নার্স চাই, ঘরবাড়ি মেরামত চাই। প্রেশার মাপার মেশিনটাও নেই।
সমঝোতা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে বাগানে, মিডওয়াইফ (মহিলা ধাত্রী), ডাক্তার, রেশন নিশ্চিত করা হবে এবং দৈনিক হাজিরা ১৯৪ টাকা হারে বকেয়াসহ পরিশোধ করা হবে। এই শর্তে ৩ নভেম্বর থেকে সকল শ্রমিক কাজে যোগ দেবেন বলে জানান পঞ্চায়েত নেতারা।



মন্তব্য করুন