বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচনের ফলাফল ঘোষনা, সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

স্টাফ রিপোর্টার : শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, ভ্যালী কমিটি ও বাগান পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে বুধবার রাত ৪ টার। এসময় উপস্থিত ছিলেন বাচাশ্রই নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের অতিরিক্ত সচিব নূরে আলম সিদ্দিকীসহ কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।
শনিবার ২৮ নভেম্বর মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে রাজু গোয়ালা, কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিং রাউতিয়া-২ এবং সহসভাপতি (নারী) পদে শিমুল কর্মকার।
সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সনজয় চৌহান, সহসাধারণ সম্পাদক (নারী) পদে সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক পদে সনত গোয়ালা।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা—শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর ও মৌলভীবাজার সদরের প্যানেলভিত্তিক ভোটের হিসাব প্রকাশ করা হয়েছে।
রাজু গোয়ালার নেতৃত্বাধীন ‘কাপ-পিরিচ’ প্রতীকের প্যানেল পেয়েছে ৩৮ হাজার ৩৪৩ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দের নেতৃত্বাধীন ‘আনারস’ প্রতীকের প্যানেল পেয়েছে ১৬ হাজার ৯৪১ ভোট।
এ পদে মোট বৈধ ভোট পড়েছে ৫৩ হাজার ২৮৪টি। বাতিল হয়েছে ৪ হাজার ৭৫৭টি এবং হারানো ভোটের সংখ্যা ৬৯। সর্বমোট ভোট পড়েছে ৫৯ হাজার ১২০টি।
সম্পাদক মুকেশ কর্মকারের নেতৃত্বাধীন ‘ফুটবল’ প্রতীকের প্যানেল পেয়েছে ২২ হাজার ১৭৭ ভোট। প্রতিদ্বন্দ্বী পরেশ কালেন্দির নেতৃত্বাধীন ‘হরিণ’ প্রতীকের প্যানেল পেয়েছে ১৭ হাজার ৭৫৪ ভোট এবং নিপেন পালের নেতৃত্বাধীন ‘মোরগ’ প্রতীকের প্যানেল পেয়েছে ১২ হাজার ৯২১ ভোট।
এ পদে মোট বৈধ ভোট পড়েছে ৫২ হাজার ৮৫২টি। বাতিল হয়েছে ৫ হাজার ২০৩টি এবং হারানো ভোটের সংখ্যা ৬১। সর্বমোট ভোট পড়েছে ৫৯ হাজার ১১৬টি।
কেন্দ্রীয় পরিষদের পাশাপাশি প্যানেলভিত্তিক ভ্যালি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়েছে। এতে জুড়ী ও বালিশিরা ভ্যালির নির্বাচিত প্রতিনিধিরা হলেন
জুড়ী ভ্যালি: সভাপতি মঙ্গল বাউরী, সহসভাপতি (নারী) প্রীয়তি বাউরী এবং সম্পাদক সবুল গোয়ালা।
বালিশিরা ভ্যালি: সভাপতি মহেশ্বর দাস, সহসভাপতি (নারী) রীতা, সম্পাদক নরত্মম তাঁতী এবং সাংগঠনিক সম্পাদক স্বপন সাওতাল।
এছাড়া মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার চা বাগানগুলোর প্যানেলভিত্তিক পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত সভাপতিদের তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় বেশ কয়েকটি বাগানে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তথ্য রয়েছে।
তবে কুলাউড়ার সিরাজনগর চা বাগানে লক্ষী প্রাসাদ রাজভৌর ও শ্যাম লাল পাসী উভয়েই ৪৯টি করে ভোট পেয়েছেন। অন্যদিকে ইন্দানগর চা বাগান ফাঁড়িতে স্বপন বাউরী ও রতন লাল বাউরী উভয়েই পেয়েছেন ১০০টি করে ভোট। দুই বাগানেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট সমান হওয়ায় বিষয়টি ফলাফল বিবরণীর মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে।



মন্তব্য করুন