কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মাহফুজ শাকিল : কৃষকের উৎপাদিত আমন ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২৯ নভেম্বর সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা বেগম, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, সাংবাদিক মহি উদ্দিন রিপন ও উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কুলাউড়ায় ৯৯০ মেট্রিক টন ধান ও ৩২৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এতে কৃষকরা সরকারি নির্ধারিত দামে তাদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।



মন্তব্য করুন