কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, আনন্দিত প্রবাসী রিজন

মাহফুজ শাকিল : একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুলতানা আক্তার তিন্নি নামের এক গৃহবধূ। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী। চার কন্যাসন্তানের আগমনে তাদের পরিবারে বিরাজ করছে আনন্দের জোয়ার। একসঙ্গে চার কন্যা সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চাউর হলে হিংগাজিয়া গ্রামসহ পুরো উপজেলার মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। এদিকে প্রবাসী রিজনের নবজাতক চার কন্যা সন্তানকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করে শুভকামনা জানাচ্ছেন প্রবাসীর বন্ধু, আত্মীয় স্বজন ও শোভাকাঙ্খীরা।
জানা গেছে, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের সাথে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকার সুলতানা আক্তার তিন্নির বিয়ে হয় ২০২০ সালের শেষের দিকে। তাদের সংসারে সিয়াম নামে সাড়ে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
গত ২৬ নভেম্বর দুপুরের দিকে সুলতানা আক্তার তিন্নি সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে তিন্নি ও তার চার কন্যা সন্তান সুস্থ আছেন। তিন্নির স্বামী প্রবাসী সাইদুল ইসলাম রিজন শনিবার বিকেলে সৌদিআরব থেকে মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘একসঙ্গে চার কন্যা সন্তান পেয়ে আমি অনেক খুশি হয়েছি। একই সঙ্গে আমাদের পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনরাও খুশি ও আনন্দিত। চার কন্যা সন্তানকে মহান আল্লাহ পাকের নিয়ামত হিসেবে অ্যাখায়িত করে প্রবাসী রিজন সবার কাছে তাঁর চার কন্যাসন্তান ও স্ত্রীর জন্য সুস্থতা, সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।



মন্তব্য করুন