বড়লেখায় ভারতীয় চোরাই মহিষের ট্রাক চলাচলের দায় ওসি নিতে হবে-এমপি মিঠু

আব্দুর রব : বড়লেখায় মাদক কারবার ও ভারতীয় চোরাই মহিষ পাচার বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি বলেছেন, বড়লেখা বাজারের ওপর দিয়ে চোরাই মহিষের ট্রাক চলাচল করলে এর দায় নিতে হবে থানার ওসিকে। এমনকি মাদক কারবার ও মহিষ পাচারে নিজ দল বিএনপির কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে দ্বিগুণ ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার ২৩ নভেম্বর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভায় এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। ইউএনও মাহবুব আলম মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সরকার ও বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বড়লেখা বাজার দিয়ে চোরাই মহিষের ট্রাক চলাচল বন্ধে পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তোলেন এমপি মিঠু। থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, ‘বড়লেখা বাজারের ওপর দিয়ে আজ থেকে কোনো মহিষের গাড়ি গেলে এর জন্য অফিসার ইনচার্জ আপনি দায়ী থাকবেন। আপনাকে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি। সবকিছুর ব্যবস্থা করে দিয়েছি। গাড়ি নিয়ে ওপেন চোরাই মহিষের ট্রাক যাবে-এমন সমাজে আমরা বসবাস করতে চাই না।’
পুলিশ দায়িত্ব পালন না করলে নিজেই চোরাই মহিষের ট্রাক আটক করবেন বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি দায়িত্ব পালন না করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কিন্তু ট্রাক ধরব। তখন আমাকে কেউ দোষারোপ করবেন না।’
নিজ দলের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে মাদক কারবার ও মহিষ পাচারে জড়িত থাকার অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, ‘আমি দেখেছি, আমার দলের অনেকে এই ব্যবসায় (ইয়াবা ও ভারতীয় মহিষ) জড়িত। থানার ওসিকে অনেক আগে বলেছি, আমার দলের কেউ যদি অবৈধ ব্যবসায় জড়িত পেলে, তার বিরুদ্ধে দ্বিগুণ ব্যবস্থা নিতে। কিন্তু তিনি সেই সৎসাহস দেখাননি। ‘আজকের হাউসে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আপনারা (ইউএনও, ওসি ও বিজিবি) বড় ধরণের অপারেশন করে এগুলো বন্ধ করবেন। কে বিএনপি, কে আওয়ামী লীগ আর কে জামায়াত এটা কোনো ইস্যু নয়।’ সব ধরণের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নাসির উদ্দিন আহমেদ এমপি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন