বড়লেখায় রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ ৫ অভিযুক্ত কারাগারে

আব্দুর রব : বড়লেখায় প্রায় ৩ বছর ধরে বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে কলেজছাত্রীর পরিবারকে অবরুদ্ধ রাখার অপরাধে ৫ আসামির প্রত্যেককে দেড় বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
১৯ নভেম্বর বৃহস্পতিবার কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির দায়েরকৃত ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার (সি.আর-২২৭/২০২৪) রায়ে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামিদের কারাদণ্ডের এই রায় ঘোষণা করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিকেলেই আদালত পুলিশ আসামিদের কারাগারে পাঠিয়েছে।
আসামিরা হলেন- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের বাসিন্দা আজাদ হোসেন, আব্দুস সহিদ, আব্দুর রহিম, ফখর উদ্দিন ও নাজিম উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা ১০০ বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির পরিবারসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সরেজমিনে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করলেও পরবর্তীতে অভিযুক্তরা পুরনায় রাস্তা বন্ধ করে দেয়। অবশেষে ভুক্তভোগিদের পক্ষে আদালতে মামলা করেন কলেজছাত্রীমরিয়ম ফেরদৌস মনি। আদালতের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন মিয়া জানান, ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারায় প্রত্যক আসামিকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত রায় দিয়েছেন।



মন্তব্য করুন