শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই

শ্রীমঙ্গল প্রতিনিধি : গুচ্ছগ্রাম, চরাঞ্চল, অজপাড়া গ্রাম কিংবা দুর্গম পাহাড়ি জনপদ—যেখানেই কোমলমতি শিশুদের কাছে ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়ার প্রয়োজন, সেখানেই ছুটে চলেছেন বিশিষ্ট লেখক ও দা’ঈ শায়খ আতিক উল্লাহ। তাঁর এই দাওয়াতি কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার ২৫ নভেম্বর শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল, মক্তব, মাদরাসা ও পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান তিনি।
এদিন বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ দ্বীনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আতিক উল্লাহ।
আলোচনায় তিনি শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা, দ্বীনি মূল্যবোধ, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মুসলিম শিক্ষার্থীদের কালেমা, তাওহিদ, ঈমান-আকিদা, নামাজ, শুদ্ধভাবে সালাম দেওয়া এবং দৈনন্দিন জীবনে ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহর যথাযথ প্রয়োগ সম্পর্কে শিক্ষা দেন। পাশাপাশি বাস্তব জীবনে ইসলামের সৌন্দর্য ও ইতিবাচক দিকগুলো চর্চার আহ্বান জানান।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে নিজের লিখিত ‘ইসলাম: ভালো কিছু করি’ বইটি উপহার হিসেবে তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক, সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, ঢাকা থেকে আগত আলেম-উলামা এবং স্থানীয় আলেমরা।
শায়খ আতিক উল্লাহর দাওয়াতি কার্যক্রমের অন্যতম লক্ষ্য শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দেওয়া। দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, মক্তব, মাদরাসা ও প্রত্যন্ত জনপদে তাঁর এই নিরলস পথচলা ইতোমধ্যে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তাঁর মতে, আজকের শিশুরাই আগামী দিনের উম্মাহর কর্ণধার। শৈশব থেকেই তাদের হৃদয় ও মননে ইসলামের মৌলিক শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা গেলে তারা ভবিষ্যতে নৈতিকতা, মানবিকতা ও ইসলামের সৌন্দর্যে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠবে।



মন্তব্য করুন