শ্রীমঙ্গলে ফিসারিতে মাছ চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে আদালতে মা/ম/লা, পিবিআইকে তদন্তের নির্দেশ

সাইফুল ইসলাম : শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় একটি ফিসারিতে মাছ চুরি, বিষ প্রয়োগ করে মাছ নিধন এবং পাহারাদারের সেডে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
২২ নভেম্বর রোববার দুপুরে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতের বিচারক আরিফ বিল্লাহ অভিযোগটি আমলে নিয়ে মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের বাসিন্দা ও মৎস্যজীবী মো. তাহির মিয়া (৬৪)। দণ্ডবিধির ৪৪৭, ৩৭৯, ৪৩৬ ও ৩২৮ ধারায় দায়ের করা এই সিআর মামলায় (নম্বর- ৬৭০/২০২৬)।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, শ্রীমঙ্গলের ভূনবীর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মো. আহাদ মিয়া (৫০), মৃত আইয়ুব আলীর ছেলে মো: শুক্কুর মিয়া (৪৫) এবং মতিগঞ্জ এলাকার টেনু মিয়া (৫০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হবিবপুর মৌজার হাইল হাওর এলাকায় আর.এস ৪৭১ নম্বর দাগের ৬.৬০ একর নিচু জমিতে চারপাশে পাড় বেঁধে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন তাহির মিয়া।
অভিযোগ অনুযায়ী, আসামিদের বাড়ি ফিসারির কাছাকাছি হওয়ায় তারা আগে থেকেই নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং মাছ চাষের শর্তে জোরপূর্বক টাকা দাবি করত। এবারের অন্যায় দাবি মানতে অস্বীকার করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
চলতি মৌসুমে পোনা, মাছের খাদ্য ও পাহারাদারের বেতন বাবদ বাদীর বড় অঙ্কের বিনিয়োগ ছিল। এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা ফিসারিতে ঢুকে কারেন্ট জালের সাহায্যে প্রায় ৬ মণ রুই, কাতল ও মৃগেল মাছ ধরে নৌকায় তোলে, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা। টের পেয়ে পাহারাদার বাধা দিলে আসামিরা তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ফিসারিতে বিষের ট্যাবলেট প্রয়োগ করে এবং পাহারাদারের সেডে আগুন ধরিয়ে দেয়। এ সময় ২০ হাজার টাকা মূল্যের একটি পানি সেচ মেশিনও নৌকায় তুলে চুরি করে নিয়ে যাওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, আগুনে সেড ও ভেতরে থাকা দুটি টানাজাল পুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়। পাশাপাশি বিষক্রিয়ায় আরও প্রায় ৩ লাখ টাকার মাছ মারা যায়। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য ১ লাখ ১০ হাজার টাকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ ৫০ হাজার টাকা—মোট ৬ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
খবর পেয়ে বাদী সাক্ষীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আসামিদের ভয়ে কেউ এগিয়ে আসেননি। পরবর্তীতে শ্রীমঙ্গল থানায় গেলে মামলা গ্রহণ না করায় ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হন তিনি। মামলার আরজির সাথে মাছের খাবার ও মেশিন ক্রয়ের ভাউচার এবং ক্ষয়ক্ষতির স্থিরচিত্র সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বাদীপক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুক মিয়া জানান, ভুক্তভোগী থানায় গিয়ে প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হন। আদালত বিষয়টি আমলে নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মৌলভীবাজার পিবিআইকে নির্দেশ দিয়েছেন।



মন্তব্য করুন