শ্রীমঙ্গলে সীমান্ত এলাকা থেকে ভারতীয় নারী আ/ট/ক

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলের অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে এক ভারতীয় নারী বিজিবির হাতে আটক হয়েছে।
রোববার ২২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মোঘলাবস্তি এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক মিলান বর্মন (৫০) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির নায়েক মো: দুলাল মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করেন।
বিজিবি সুত্র জানায়, রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকায় সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল ডিউটি পালনকালে দেখতে পান যে, একজন ভারতীয় নাগরিক দুইজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মিলান বর্মনকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেন।
আটককৃত মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারের যতিন্দ্র বর্মনের স্ত্রী।
এ সময় তাকে সহায়তাকারী অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ১ বছর পূর্বে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নিকট বৈধ কোনো পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় এফআইআর নং-২১, তারিখ- ২৩ নভেম্বর, ২০২৬; ধারা- ৪, দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২; তৎসহ ১১(২), দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন