বড়লেখায় পৌর শহরের ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার এলাকার ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে ৩ নভেম্বর রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর কর্তৃপক্ষের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশ। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া মেইন রোড সংলগ্ন বিভিন্ন দোকান ও ভবনের সামনে সরকারি জায়গার উপর লোহার সিঁড়ি ও টিনশেড দিয়ে মালামাল রাখার অভিযোগে ১৫টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তবে প্রশাসনের উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরই শহরের উচ্ছেদ করা খালি স্থান দখল করে নিয়েছে অটোরিকশা (সিএনজি)।
জানা গেছে, পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে অভিযান শুরু করে পর্যায়ক্রমে ডাকবাংলো এলাকা, স্টেশন রোড, পৌর মার্কেট, মধ্যবাজার, দক্ষিণ বাজার, পিসি মডেল হাইস্কুল মার্কেট এলাকায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এ সময় বুলড্রেজার দিয়ে টং ঘর, লোহার সিঁড়িসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অভিযানের সময় নির্দেশনা না মেনে অবৈধভাবে মালামাল রাখা, লোহার সিঁড়ি ও টিনের শেড নির্মাণের অপরাধে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনু, জেহিীন সিদ্দিকী রেজাউল করিম রেজা, কবির আহমদ, মিজানুর রহমান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদ, ব্যবসায়ী নেতা ছয়দুল ইসলাম প্রমুখ। জরিমানা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা।



মন্তব্য করুন