মেধাবী স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

December 1, 2019,

আব্দুর রব॥ বড়লেখা পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ সাফোয়ান (১৫)  ৪ দিন ধরে নিখোঁজ। ২৪ ঘন্টার মধ্যে তাকে উদ্ধারের আল্টিমেটাম দিয়ে রোববার দুপুরে স্কুলের শিক্ষক-কর্মচারী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা পৌরশহরে মানববন্ধন কর্মসুচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেছে।

২৮ নভেম্বর সন্ধ্যায় বাজার খরচ করতে বেরিয়ে সে নিখোঁজ হয়। তার নিখোঁজের ঘটনায় সাফোয়ানের বড়ভাই মোহাম্মদ সালমান শুক্রবার সন্ধ্যায় থানায় জিডি করেন (নং-১৩৮৪)। পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক বিশ্বতোষ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, শিক্ষার্থী আদনান আহমদ, সাবের হোসেন, মুহতাসিম মাহদী শাওন, শামীম আহমদ, আশরাফ হোসেন ও সুমন আহমদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পিসি হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী সাফোয়ান গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে তার পরিবার খুবই উদ্বিগ্ন। ছোট একটা ছেলে এতদিন ধরে নিখোঁজ রয়েছে, এটা খুবই উদ্বেগের ব্যাপার। আমরা চাই প্রশাসন তাকে দ্রুত খুঁজে বের করুক। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন নিখোঁজ মেধাবী স্কুলছাত্র মোহাম্মদ সাফোয়ানকে উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

পরিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ সাফোয়ান (১৫) উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি সেকেন্ড বয়। পরিবারের সঙ্গে সে বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাফোয়ান চাল কেনতে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার রাতেই সাফোয়ানের বড়ভাই মোহাম্মদ সালমান বড়লেখা থানায় জিডি করেন।

বড়লেখা থানার এসআই মিন্টু চৌধুরী রোববার বিকেলে জানান, ‘এখনো সাফোয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। জিডির পর থেকেই আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। প্রতিদিনই বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছি। এখনো এক জায়গায় অভিযানে রয়েছি।’

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com