ভারতীয় সিগারেট জব্দ : ব্যবসায়ী আটক

আব্দুর রব॥ বড়লেখা পৌর মার্কেটস্থ রতন ভেরাইটিজ ষ্টোরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে র্যাব-৯ (শ্রীমঙ্গল)। রোববার সন্ধ্যায় র্যাব ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রতনময় বিশ্বাসকে গ্রেফতার করে তাদের শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে যায়। এ ব্যাপারে র্যাবের এসআই সুমন ভুইয়া ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (১) (বি) ধারায় সোমবার দুপুরে বড়লেখা থানায় মামলা করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ রতনময় বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে।
র্যাব-৯ (শ্রীমঙ্গল) ও বড়লেখা থানা পুলিশ সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের পৌর মার্কেটস্থ রতন ভেরাইটিজ ষ্টোরের মালিক রতনময় বিশ্বাস (৩২) দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় অবৈধ ফিল্টার সিগারেট বাজারজাত করছিলেন। গত রোববার বিকেলে র্যাব-৯ (শ্রীমঙ্গল) এর এসআই মোহাম্মদ সুমন ভুইয়ার নেতৃত্বে একদল র্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে রতন ভেরাইটিজ ষ্টোরে অভিযান চালিয়ে বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ ১৭৬ প্যাকেটে প্রায় ৩৬ হাজার পিস ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এসময় দোকান মালিক ব্যবসায়ী রতনময় বিশ্বাস পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে র্যাব তাকে আটক করে।
র্যাবের এসআই মোহাম্মদ সুমন ভুইয়া জানান, রোববার বিকেলে অবৈধ ভারতীয় সিগারেটসহ আটক ব্যবসায়ী রতনময় বিশ্বাসকে শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত সোমবার দুপুরে বড়লেখা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে চোরাচালান আইনে তিনি মামলা করেছেন।



মন্তব্য করুন