বড়লেখায় আগুনে পুড়ে নিঃস্ব দরিদ্র পরিবারকে বসতঘর তৈরী করে দিলেন ইউএনও

January 4, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় বিজয় দিবসের দিন ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হওয়ায় নিঃস হয়ে পড়েন হত দরিদ্র কৃষক নছির উদ্দিন। আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নেন প্রতিবেশীর বাড়িতে। অসহায় পরিবারটির মাথা গোঁজার জন্য নতুন ঘর তৈরীর প্রতিশ্রুতি দেন ইউএনও মো. শামীম আল ইমরান। প্রতিশ্রুতির দুই সপ্তাহের মধ্যে নতুন বছরের শুরুতেই তিনি অসহায় পরিবারটিকে টিনশেড ঘর নির্মাণের পর ছাবি হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর দেশের সবাই যখন বিজয় দিবসের আনন্দ উদযাপনে ব্যস্ত তখন বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দরিদ্র কৃষক নছির উদ্দিনের বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের হাত থেকে নছির উদ্দিনের পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও রক্ষা পায়নি তার বসতঘর, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পরদিন সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও মো. শামীম আল ইমরান। পরে তিনি পরিবারটির হাতে নগদ ৫ হাজার টাকা ও ১০টি কম্বল তুলে দেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত অসহায় পরিবারটির মাথা গোঁজার জন্য ঘর তৈরী করে দেয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের দু’সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের “আশ্রয়ণ-২” প্রকল্পের আওতায় ‘জমি আছে ঘর নাই, নিজ জমিতে গৃহ নির্মাণ’ কর্মসূচী থেকে নতুন ঘর তৈরি করে দেয়া হয়।

অবশেষে নতুন বছরের শুরতে পরিবারটির হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন ইউএনও মো. শামীম আল ইমরান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘর পেয়ে আনন্দিত হত দরিদ্র নছির উদ্দিন জানান ‘আগুনে সর্বশান্ত হয়ে তীব্র শীতে মা, স্ত্রী সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। ইউএনও স্যার যেভাবে অতি অল্প সময়ে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঘরটি তৈরী করে দিলেন তা আমি ও আমার পরিবার জীবনেও ভুলবনা।’

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, ‘মাননীয় প্রধান মন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি মহোদয়ের নির্দেশনায় উনাকে দ্রুততম সময়ে বসতঘর নির্মাণ করে দেয়া হয়।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com