বড়লেখায় টিলা কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

January 8, 2020,

আব্দুর রব॥  বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫ ব্যক্তিকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। বুধবার সরেজমিনে এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে নোটিশ প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বদরুল হুদা। সোমবার একটি জাতীয় দৈনিকের ১৮তম পৃষ্ঠায় ‘বড়লেখায় টিলা কেটে বিক্রি-হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র’ শিরোনামে একটি স্বচিত্র প্রতিবেদন ছাপা হলে সংশ্লিষ্ট বিভাগের টনক নড়ে এবং বুধবার পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থলগুলোতে এনফোর্সম্যান্ট কার্যক্রম পরিচালনা করে। আগামী ২৬ জানুয়ারী নোটিশ প্রাপ্তদের স্বশরীরে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে হাজির হয়ে বিনা অনুমতিতে টিলা কাটার ব্যাপারে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশ প্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, চন্ডিনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস সবুর, উত্তর শাহবাজুপর ইউপির করমপুর গ্রামের ললাই মিয়া, মৃত আয়াদ আলীর ছেলে আব্দুল জব্বার ও মৃত তরিক আলীর ছেলে বাহার মিয়া।

বড়লেখায় এনফেসম্যান্ট কার্যক্রম পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা জানান, নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০২) এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বে-আইনীভাবে পাহাড় টিলা কর্তন করায় আগামী ২৬ জানুয়ারী অধিদপ্তরের সিলেটস্থ পরিচালকের কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com