জুড়ীর ফুলতলা ইউপির সাবেক চেয়ারম্যান ফয়াজ আলীর ইন্তেকাল

আব্দুর রব॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়াজ আলী (৬৫) বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে, ৯ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল ৩টায় বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের জানাজা শেষে ফুলতলা বস্তিতে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে। সাবেক জনপ্রতিনিধি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ফয়াজ আলীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন রাণাপিং দরবার শরীফের উত্তরসুরী হযরত মাওলানা শাহ মাহফুজুর রহমান।
এদিকে ফুলতলা ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের সাবেক এ জনপ্রতিধির মৃত্যুর খবরে বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ এক দিনের জন্য ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম স্থগিত করেন। তার লাশ দেখতে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন ভিড় করেন।
মরহুম ফয়াজ আলীর জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংবাদিক মাহবুব আলম রওশন। বক্তারা সাবেক ইউপি চেয়ারম্যান ফয়াজ আলীর রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তার মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর, সাবেক সংসদ সদস্য এমএম শাহীন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এসএম জালাল আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন