লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসব : সরকারের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তোলা-পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করছে। উপবৃত্তি দিচ্ছে। একাডেমিক ভবন নির্মাণ করে দিচ্ছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তোলা। তবে শিক্ষার্থীদের এমন শিক্ষা গ্রহণ করতে হবে। যা গ্রহণ করলে হতাশ হতে হবে না। চাকরির জন্য খোঁজাখুঁজি করতে হবে না। সরকারি চাকরির পিছে হন্যে হয়ে ছুুটতে হবে না। নিজেই প্রতিষ্ঠা লাভ করতে পারবে। চাকরি তোমাকে খুঁজবে। অনেকে মনে করে সরকারি চাকরি না হলে জীবন ধংস হয়ে যাবে।’ মন্ত্রী বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘প্রত্যেক উপজেলায় টেকনিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বড়লেখায়ও খুব শিগগীর ভবনের কাজ শুরু হবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা কমে গেছে। তাদের মধ্যে নৈতিক ও সামাজিক শিক্ষা ফিরিয়ে আনতে হবে।’
পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি শনিবার ১১ জানুয়ারি দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে সকালে লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। হাতি-ঘোড়াসহ শোভাযাত্রাটি প্রায় ২ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উৎসব মঞ্চে পরিবেশন করা হয় উৎসব সংগীত, বিদ্যালয় সংগীত, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে গান। পরিবেশন করা হয় মণিপুরি নৃত্য ও গান। প্রদর্শন করা হয় স্কুলের ইতিহাস সম্বলিত তথ্যচিত্র। এরপর অনুষ্ঠানের অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। রজতজয়ন্তী উপলক্ষে স্কুল ক্যাম্পাসসহ বড়লেখা শহরকেও ব্যানার তোরণে রাঙানো হয়েছে। রং-তুলিতে সাজানো হয়েছে স্কুল প্রাঙ্গণ ও এলাকার সড়ক। দিনব্যাপি আর,কে লাইসিয়াম স্কুলের নতুন ক্যাম্পাসে যেন বসেছিল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটি, রজতজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। লাইসিয়াম স্কুলের শিক্ষক শামীম আহমদ ও টুম্পা দাসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিকেলে ছিল স্মৃতিচারণ, কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে ব্যান্ডদল শিরনামহীন গান পরিবেশন করে।



মন্তব্য করুন