অবশেষে বড়লেখার ১২৭ বঞ্চিত শিক্ষার্থীকে বই বিতরণের সিদ্ধান্ত

January 15, 2020,

আব্দুর রব॥ বড়লেখার শাহবাজপুর আইডিয়াল একাডেমির সরকারী বই বঞ্চিত ১২৭ জন শিক্ষার্থীকে অবশেষে বই দেয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন স্কুল কর্তৃপক্ষ ও অভিযোগকারী মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে বই প্রদানের সিদ্ধান্ত নেন। দেরীতে হলেও নতুন বছরের বই প্রাপ্তির খবরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।

জানা গেছে, ২০১৮ সালে উপজেলার শাহবাজপুর বাজারে স্থানীয় কয়েকজন উদ্যোক্তা ‘আইডিয়াল একাডেমি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার অভিযোগে গত ১ জানুয়ারী প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বই আটকে দেয় উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস। এতে প্রতিষ্ঠানের ১২৭ জন কোমলমতি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দেয়। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারী বই বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা স্কুলের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসুচী পালন করে। গনমাধ্যমে ‘বই উৎসব থেকে বঞ্চিত ১২৭ শিক্ষার্থী’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জাতীয় কোন অনুষ্ঠান না করার অভিযোগ ছিল। এজন্য সরকারী বই বিতরণ স্থগিত রাখা হয়। স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টি অবগত হয়ে আলোচনা সাপেক্ষে তা নিষ্পত্তির নির্দেশ দেন। বুধবার এ সংক্রান্ত সভায় শিক্ষার্থীদের সরকারী বই প্রদানের সিদ্ধান্ত নেয়া হয় এবং স্কুল কর্তৃপক্ষকে সকল জাতীয় অনুষ্ঠান পালনসহ যথাযথভাবে সকল সরকারী নীতিমালা অনুসরন করতে বলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com