বড়লেখার অটোরিকশা চালকের উপর কুলাউড়ায় হামলা

আব্দুর রব॥ বড়লেখার সিএনজি চালিত অটোরিকশা চালকসহ ৩ যুবককে মঙ্গলবার রাতে কুলাউড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করেছে। এসময় অটোরিকশায় ব্যাপক ভাংচুর চালানো হয়। এঘটনায় ২২ জানুয়ারী বুধবার বিকেলে আহত অটোরিকশা চালক রুবেল আহমদ হামলাকারী দুই দুর্বৃত্তের নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করে কুলাউড়া থানায় মামলা করেছেন।
জানা গেছে, বড়লেখা উপজেলার বড়খলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে রুবেল আহমদ দুই বন্ধু রুহুল আহমদ ও শামীম আহমদকে নিয়ে অটোরিকশার সিএনজি (গ্যাস) সংগ্রহ করতে মঙ্গলবার রাত ৮টার দিকে কুলাউড়ার দিকে রওয়ানা দেন। রাত সাড়ে ৮টার দিকে পুষাইনগর এলাকায় পৌছার পর ইমন ও ইব্রাহিম নামে দুই ব্যক্তি অজ্ঞাত কয়েকজনকে নিয়ে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে সিএনজির গতিরোধ করে। অটোরিকশা থামানোর পরই তারা চালক রুবেল, রুহুল ও শামীমকে বেধড়ক পেটাতে থাকে। এসময় দুই যুবক ও অজ্ঞাত দুর্বৃত্তরা অটোরিকশা ভাংচুর করে পালিয়ে যায়। কুলাউড়া থেকে বড়লেখাগামী অটোরিকশার পরিচিত কয়েকজন চালক তাদেরকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত অটোরিকশা চালক রুবেল আহমদ জানান, কোনকিছু বুঝে উঠার আগেই ইমন ও ইব্রাহিমের নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। উল্টোদিক দিকে পরিচিত অটোরিকশা আসায় তারা পালিয়ে যায়। মঙ্গলবার রাতে আহত তিনজনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি এবং বুধবার বিকেলে সনাক্ত দুইজনের নাম উল্লেখ ও বাকিদের অজ্ঞাত আসামী করে কুলাউড়া থানায় মামলা করেছি।



মন্তব্য করুন