শ্রীমঙ্গলে সিলেটের বিভাগীয় কমিশনারের সাথে কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো: রেজা-উন-নবী বলেছেন, জুলাই বিপ্লবের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের স্বাধীনতা পায়নি। আজ আমাদের আত্মমর্যাদাশীল হতে হবে এবং নতুন দেশ গড়ার জন্য নতুনভাবে ভাবতে হবে।
বুধবার ২৯ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিবাদ করলে মামলা, নেতৃত্ব দিলে হয় গুম, এমন প্রতিকূলতার সংস্কৃতির সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রতিটি বিনিয়োগ, বাজেট ও অর্থের ব্যবহার জনগণের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমরা চেষ্টা করছি যাতে করে ভবিষ্যতে একটি ভালো বাংলাদেশ তৈরি করা যায়, সেটি যদি সবাই মিলে আমরা করতে পারি তাহলে সকলের জন্য বাসযোগ্য একটি বাংলাদেশ হবে। আর যদি করতে না পারি তাহলে আবারো সেই অতলগহ্বরে চলে যেতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, আমাদের আত্মমর্যাদাশীল হতে হবে। আপনি যদি ক্রিতদাসের মতো আচরণ করেন আপনি কোন দিন আত্মমর্যাদসম্পন্ন মানুষ হতে পারবেন না। আপনি যদি সবসময় অন্যায়কারী বা নেতা যেই হোকনা কেনো সে দুর্নীতি করবে, অন্যায় করবে আপনি তাও তার পেছনে হাঁটবেন আবার আত্মমর্যাদার কথা বলবেন এটা কখনো হবে না। ভুল পথে গেলে কখনও সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না। অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন, মিথ্যা দূর করতে সত্য, অন্যায় দূর করতে ন্যায়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইসলাম উদ্দিন।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: ইউসুফ হোসেন খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, এর আগে শ্রীমঙ্গল উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বিভিন্ন সভায় অংশগ্রহণসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
এর মধ্যে সকালে বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ২০৭ জন উপকারভোগীদের মাঝে ছাগল, খাদ্য, ম্যাট এবং ঘর তৈরীর উপকরণ সামগ্রী বিতরণ, শ্রীমঙ্গল উপজেলা পরিদর্শন, শহরতলীর উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন, পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মশালায় অংশগ্রহণ, শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার এর ভিত্তি প্রস্তর স্থাপন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ শীর্ষক উন্নয়ন প্রকল্প পরিদর্শন, মোহাজিরাবাদ এলাকায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ, জেলা পরিষদ মৌলভীবাজার কর্তৃক বাস্তবায়িত একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন, প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৮৫ জন উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ, উপজেলা পর্যায়ের সরকারি অফিসসমূহের দপ্তর প্রধানগণের জন্য ওয়েব পোর্টাল ও ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য, উপজেলা ভূমি অফিস দর্শন এবং নামঞ্জুরকৃত নামজারি মামলায় নথি পর্যালোচনা এবং সর্বশেষ ইউনিয়ন ভূমি অফিস শ্রীমঙ্গল সদর পরিদর্শন করেন।
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার বাস্তবায়নে ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়ন মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর দুই তলা ভবণ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এর নিচতলায় আধুনিক লাইব্রেরি এবং দ্বিতীয় তলায় কফি কর্ণার, বয়স্কদের বিশ্রামাগার ও শিশু-কিশোর পাঠক কেন্দ্র থাকবে। প্রকল্পটির মোট আয়তন তিন হাজার ৯১৯ বর্গফুট, বাজেট ৯৯ লাখ ৩৩ হাজার ৫৫৮ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন জানান, গ্রন্থাগার এবং মিলনায়তনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং এটি উপজেলার বই পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ও সিনিয়র সিটিজেনদের বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করবে।



মন্তব্য করুন