সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজারে নতুন ট্রেন চালুসহ ৮ দাবিতে শ্রীমঙ্গলে অবরোধ-বিক্ষোভ

November 1, 2025,

সাইফুল ইসলাম : সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

১ নভেম্বর শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

এ সময় তাঁরা ‘সিলেট বিভাগের ট্রেন যোগাযোগ উন্নয়ন চাই’, ‘নতুন ট্রেন চালু করো’, ‘টিকিট সংকটের সমাধান করো’সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি সিলেটের উদ্দেশে রওনা দেয়।

আট দফা দাবিগুলো হলো ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালুসহ সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ; আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালু; কুলাউড়া জংশন ও শ্রীমঙ্গল স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি; সিলেট-ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার; সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত এবং যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

কর্মসূচিতে বক্তব্য দেন শ্রীমঙ্গল ট্রেন অবরোধ কর্মসূচির আহ্বায়ক কাওসার ইকবাল, সদস্যসচিব মো. সাইফুল ইসলাম, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, ইসমাইল মাহমুদ, আমজাদ হোসেন বাচ্চু, গণঅধিকার পরিষদের সভাপতি হারুণ অর রশিদ, আকারুজ্জামান দিপু, তারেক ইকবাল চৌধুরী, এহসান বিন মুজাহির, ব্যবসায়ী নেতা হাফিজ আহমদ, শাহীন আহমদ. আকতার হোসেন, ফারহান তানভীর ফাহিম, মো. শহজাহান আহমেদ, মো. নাঈম হাসান, শাহেদ আহমেদ রানাসহ অনেকে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, অবরোধের কারণে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনে কিছু সময় আটকা পড়ে। অবরোধ শুরুর আগে সকাল সাড়ে আটটা ৩৫ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়।

বক্তারা বলেন, সিলেট-ঢাকা রেলপথে দ্রুতগামী ট্রেনের অভাব, পর্যাপ্ত টিকিট না পাওয়া, ট্রেনের ঘনঘন বিলম্ব এবং পুরোনো বগি ব্যবহারের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে আছেন। অনেক জায়গায় রেললাইন বেহাল অবস্থায় আছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ট্রেন লাইনচ্যুত হচ্ছে। রেলপথ সংস্কার না হলে একসময় পুরো অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com