শ্রীমঙ্গলে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মুসলিমবাগ এলাকাবাসীর মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার ৬ নভেম্বর বেলা ২টায় কালিঘাট রোড বায়তুল আমান মসজিদ সংলগ্ন মুসলিমবাগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ, সাংবাদিক এহসান বিন মুজাহির, ব্যবসায়ী ইসমাইল হোসেন, আব্দুল মতিন, হোসেন আহমদ, নাদির হোসেন, শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মাহবুবুল আলম বাশার, শিক্ষার্থী রাফি আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কালিঘাট রোড থেকে গাংপার ব্রিজ পর্যন্ত মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। রিকশা-টমটম যাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছেন ঝাঁকুনিতে। শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে। সড়কটি এলজিইডির আওতায় ২০১১ সালে পাকা করা হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। ফলে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই ব্যাপারে ইতোমধ্যে পত্র-পত্রিকাতেও লেখালেখি হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।
মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান বলেন, ইতোমধ্যেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে মুসলিমবাগ সড়ক সংস্কার কাজের অনুমোদন হয়েছে। এবার ইউনি ব্লক দিয়ে আধুনিক মানের টেকসই রাস্তা নির্মাণ করা হবে। অন্যান্য প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে মুসলিমবাগ সড়কের দরপত্র আহবন করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন বলেন, চলতি অর্থ বছরে শ্রীমঙ্গল উজেলার বিভিন্ন বেহাল সড়ক সংস্কার কাজের আনুমোদন হয়েছে। এর মধ্যে মুসলিমবাগ এলাকার সড়ক আছে। জনগুরুত্বপূর্ণ সড়ক বিবেচনায় সংস্কারে মুসলিমবাগ এলাকার সড়কটিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে।



মন্তব্য করুন