চা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার-আব্দুর রব

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মানবিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, সুযোগ পেলে শ্রমিকদের মৌলিক প্রয়োজন পূরণ ও সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, আমরা দায়িত্ব পাওয়ার সুযোগ পেলে চা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় উপায়, উপকরণ ও সেবার উন্নয়নে কাজ করার চেষ্টা করবো। রাষ্ট্রীয় কাঠামো এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী—উভয় দিক থেকেই আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগী হবো।
তিনি আরও বলেন, চা-বাগাননির্ভর এই জনপদের অর্থনীতি শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের জীবনমান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে উঠতে পারেনি—এটি উদ্বেগের বিষয়। তাঁর ভাষায়, চা বাগানই এই এলাকার প্রাণ, আর সেই প্রাণকে বাঁচিয়ে রেখেছেন আপনারা—পরিশ্রমী শ্রমিকেরা। দেশের রাজস্ব, রপ্তানি আয় ও শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধির পেছনে আপনাদের অবদান অনন্য। তবুও মৌলিক চাহিদা ও জীবনযাত্রার মান এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি—এটাই সবচেয়ে বড় দুঃখ।
দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, আবাসন, শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহসহ মৌলিক চাহিদার জন্য সংগ্রাম করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, শ্রমজীবী মানুষের স্বস্তির দিন নিশ্চিত করা অনুগ্রহ নয়—এটি অধিকার।
এডভোকেট রব জানান, চা শ্রমিকদের সামগ্রিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তিনি নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাব ব্যক্ত করেন। পাশাপাশি শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, বৃত্তি ও শিক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
এছাড়া বাগানকেন্দ্রিক এলাকায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, সড়ক সংস্কার, আবাসন ও চিকিৎসা ব্যবস্থা বিস্তারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। তাঁর মতে, প্রকৃত উন্নয়ন তখনই বাস্তবায়িত হবে, যখন উৎপাদনের পাশাপাশি শ্রমিকের ন্যায্য মূল্য, শ্রদ্ধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বক্তব্যের শেষাংশে তিনি চা শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনারাই দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আপনাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা মানবিক দায়িত্ব। চা শ্রমিকের ঘরে আলো জ্বললে-এই সবুজ বাগানও আরও উজ্জ্বল হয়ে উঠবে।



মন্তব্য করুন