শীতের তীব্রতা বাড়ায় শ্রীমঙ্গলে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
শ্রীমঙ্গল প্রতিনিধি : চায়ের রাজধানী খ্যাত ও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ডিসেম্বরের শুরু থেকেই ভোরের ঘন কুয়াশা ও রাতের ঠান্ডা হাওয়া শহরজুড়ে অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। আর এই বাড়তি ঠান্ডায় বেড়েছে শীতবস্ত্রের বেচাকেনা। ফলে এলাকার শীতবস্ত্রের মার্কেটগুলো এখন ক্রেতাদের ভিড়ে মুখরিত।
শহরের পুরাতন শীতবস্ত্রের জন্য সুপরিচিত সাইফুর রহমান মার্কেট এখন যেন ক্রেতাদের জনসমুদ্র। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ঢল নামছে। ফুটপাত থেকে শুরু করে বড় দোকানগুলোর সবখানে একই ব্যস্ততার চিত্র দেখা যায়। দোকানিদের অনবরত ডাক, পণ্যের দরদাম, আর ক্রেতাদের কেনাকাটার চাঞ্চল্যে মার্কেটগুলোতে তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ।
এ ছাড়া এমবি ক্লথ স্টোর, বিলাস ডিপার্টমেন্টাল স্টোর, শাপলা সুপার মার্কেটের বসুন্ধরা শপিং সেন্টার, উজ্জ্বল বস্ত্রালয়, আল-হামরা, মিতালী ম্যানশন, খাতুন ম্যানশন, রোকেয়া ম্যানশন, সৈয়দ ফসিউর রহমান মার্কেট, মিদাদ শপিং কমপ্লেক্সসহ শ্রীমঙ্গলের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে সবখানেই শীতবস্ত্র কেনার হিড়িক। জ্যাকেট, সোয়েটার, শাল, কম্বল, টুপি, গ্লাভস সব ধরনের পণ্যের চাহিদা অনেক বেড়েছে। বিশেষ করে কম দামের ও পুরাতন শীতবস্ত্রের দোকানগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপস্থিতি বেশি।
শীতবস্ত্রের বৈচিত্যের ক্ষেত্রে এমবি ক্লথ স্টোর সবচেয়ে বেশি নজর কাড়ছে। এখানে নতুন নতুন ডিজাইনের শীতের পোশাকের সমাহার থাকায় তরুণ-তরুণীসহ সব বয়সী ক্রেতাদের আগ্রহ বেশি।
এমবি ক্লথ স্টোরের পরিচালক কামরান আহমেদ যায়যায়দিনকে বলেন, আমরা সব সময় ক্রেতাদের চাহিদা ও বাজারের চলমান ট্রেন্ড অনুযায়ী নিত্য নতুন ডিজাইনের শীতের পোষাক আনার চেষ্টা করি। মান ও দামে সমন্বয় থাকায় ক্রেতারা আমাদের প্রতি সব সময় আস্থাশীল।
২৭ নভেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল-সন্ধ্যায় এ শীত যেন আরও প্রকট অনুভূত হচ্ছে।
স্থানীয়রা বলছেন, শীত যত বাড়ছে, শীতবস্ত্রের বাজার তত জমে উঠছে। ব্যবসায়ীরাও আশা করছেন, পুরো ডিসেম্বর জুড়েই এভাবে বেচাকেনার ব্যস্ততা অব্যাহত থাকবে।



মন্তব্য করুন