শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক সম্বয়ে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

December 11, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) মহিবুল্লাহ আকনসহ স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে হারমোনি ফেস্টিভ্যাল। দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে খাসিয়া, গারো, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, ভূঁইয়া, বাড়াইক, কন্দ, রাজবল্বব, খাড়িয়া, রিকিয়াসন, বুনারজি, ভুমিজসহ শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশ নেবেন। উৎসবে প্রদর্শিত হবে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য ও সংস্কৃতি।

খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ‘ডিয়া কেরছা’ ও মালা পরিধানের মাধ্যমে নৃত্য পরিবেশনা, তীর-ধনুক প্রতিযোগিতা, তৈলাক্ত বাঁশে ওঠা (কিউ থেনেং), ‘সীয়াট বাটু’ (গুলতি খেলা) দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক, বেসু, জুম নৃত্য, এবং গারো জনগোষ্ঠীর আমোয়দেব, গ্রীক্কা নাচ, চাওয়ারী সিক্কা ও মান্দি নাচও উৎসবের বৈচিত্র্যপূর্ণ পরিবেশনার অংশ। পাশাপাশি মণিপুরীদের বিখ্যাত রাসলীলা, পুং চালোম (ঢোল নৃত্য) এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যও মঞ্চে উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com