জুড়ীতে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ, গ্রে/ফ/তার ১
আব্দুর রব : অভিনব কায়দায় বাংলাদেশি চালের বস্তার নিচে প্রায় কোটি টাকার চার টন ৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা পাচারকালে জুড়ীতে ট্রাকসহ তা জব্দ করেছে বিজিবি। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ফরহাদ উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল দশদার দিকে সীমান্তের দশ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক স্থানে। ধারণা করা হচ্ছে পাচারকারিরা জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় জিরা বাহী ট্রাক বিয়ানীবাজার ও বড়লেখা সড়ক হয়ে দেশের অন্যত্র পাচার করছিল। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিজিবি-৫২ ব্যাটালিয়নের জুড়ী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জায়ফরনগর এলাকায় যানবাহনে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। এসময় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছুটে চলা একটি মাল বোঝাই ট্রাক আটক করে বিজিবি। সড়কের তেতুলতলা নামক স্থানে তল্লাশিকালে ট্রাকের উপরের দিকে ১০৫ বস্তা বাংলাদেশি চালের বস্তা থাকলেও নিচের দিকে মিলে ১৩৫ বস্তা অবৈধ ভারতীয় জিরার চালান। যার বাজার মূল্য প্রায় ৬১ লাখ টাকা। এসময় বিজিবি ট্রাক চালক ফরহাদ উদ্দিনকে আটক ও চোরাই জিরা, চাল এবং একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। ফরহাদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপার গ্রামের দুদু মিয়ার ছেলে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী জানান, চালের বস্তার নিচে করে বড় ধরণের একটি অবৈধ জিরার চালান পচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ জিরা, বাংলাদেশি চাল, জিরা বহনকারি ট্রাক ও মোবাইলসহ ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। এসময় ট্রাক চালককে আটক করা হয়। এব্যাপারে জুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন