বড়লেখায় ১৪৩ বোতল ভারতীয় মদ জব্দ, বিজিবির ওপর মাদককারবারিদের হামলা-আহত ২ বিজিবি সদস্য

February 2, 2026,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার লাতু সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদককারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর লাতু বিওপি’র হাবিলদার মং থোয়াই চিং মারমা সঙ্গীয় ফোর্সসহ ৩১ জানুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল ইসলামপুর এলাকার একটি ফাঁকা মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনটি বস্তার ভেতর থেকে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ১৪৩ বোতল ভারতীয় অফিারস চয়েস মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ৫৩.৬২৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

অভিযানকালে মাদক বহনকারী তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত আলামত নিয়ে ক্যাম্পে ফেরার পথে রাত ১০টা ৫ মিনিটে বড়াইল ইসলামপুর এলাকা থেকে প্রায় ২০০ গজ অগ্রসর হলে জড়াইল (৩৫) ও সাহেদ আহমদ (৩০)—উভয় পিতা হারিছ আলী—এর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি বেআইনি জনতা বিজিবি’র ওপর হামলা চালায়।

হামলাকারীরা দা, শাবল, লাঠিসোঁটা, ইট-পাটকেল নিক্ষেপ করলে বিজিবির হাবিলদার মং থোয়াই চিং মারমা ও সিপাহী ইয়াছিন মিয়া আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জান-মাল, সরকারি অস্ত্র-গোলাবারুদ এবং জব্দকৃত মালামাল রক্ষার্থে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় বিজিবি হাবিলদার মং থোয়াই চিং মারমার দায়ের করা পৃথক দুইটি এজাহারের ভিত্তিতে বড়লেখা থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। একটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারা অনুযায়ী এবং অপরটি দণ্ডবিধির ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ ধারায়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার ও বিজিবি সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করা হয়েছে।a

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com